রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

লেখক:
প্রকাশ: ৯ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজবাড়ী সার্কেলের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে জেলা প্রশাসক আফরোজা পারভীনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, জেলা সিভিল সার্জন কার্যালয়ের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোহেল শেখ, জেলা রেড ক্রিসেন্টের ভাইস প্রেসিডেন্ট এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, পরিবহন মালিক সমিতির সভাপতি মাহমুদুর রহমান জুয়েল, সমিতির সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান এবং বিআরটিএর সহকারী কর্মকর্তা লিটন কুমার দে।
এসময় জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন মালিকদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। চালকদের প্রশিক্ষণ ও সচেতনতা নিশ্চিত করার পাশাপাশি তাদের দায়িত্বশীলভাবে যানবাহন পরিচালনায় উদ্বুদ্ধ করতে হবে। ঘুমঘুম চোখে গাড়ি চালানো দুর্ঘটনার অন্যতম কারণ। তাই চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।