
সিরাজুল ইসলাম : দৌলতদিয়া -পাবনা ও আরিচায় ওয়াই আকৃতির সেতুর ঘোষণা দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজবাড়ীর গোয়ালন্দে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আদনান নুর ইসলামের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।
গত মঙ্গলবার রাত ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মিছিলটি গোয়ালন্দ বাসস্ট্যান্ড এসে শেষ হয়। এসময় স্থানীয় দোকান ও রিকশা ওয়ালাসহ সবাইকে মিষ্টি মুখ করানো হয়। মিছিলে শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করে।
এর আগে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশনা দেন। রাজবাড়ী-মানিকগঞ্জ-পাবনা জেলাকে সংযুক্ত করে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।
সভায় জানানো হয়, দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের লক্ষ্যে বর্তমানে সম্ভাব্যতা সমীক্ষা চলছে। আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে এই সমীক্ষা শেষ হবে। সমীক্ষার প্রতিবেদন পাওয়ার পর সেতু দুটির চূড়ান্ত অবস্থান, নকশা এবং আনুমানিক প্রকল্প ব্যয় নির্ধারণ করা হবে। বৈঠকে দ্বিতীয় পদ্মা সেতুর যাতায়াত ব্যবস্থা আরো সুগম করতে ওয়াই আকৃতির সংযোগ সড়কের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ ছাড়া দেশের পানি ব্যবস্থাপনা ও সুরক্ষায় পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েও বিশদ আলোচনা হয়। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানি সংকট নিরসন, কৃষি উৎপাদনে গতি আনা, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ব্যারেজের ওপর দিয়ে নতুন সড়ক যোগাযোগের সম্ভাবনা পর্যালোচনা করা হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি জানান, রাজবাড়ী জেলায় বড় বড় দুটি প্রকল্প ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এছাড়া এটা এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এই অঞ্চলের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে ধন্যবাদ জানানো হয়। এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম শেখ।
