
সোহেল খান : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালী, দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন-অর-রশিদ (হারুন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউর আজম চুন্নু, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ আশিক, উপজেলা কৃষক দলের সভাপতি মহসিন খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জাফর আলী মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান (মিজান) সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিজয় র্যালি শেষে ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনায় দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন আমি তাদেরও এমপি, আর যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও এমপি। আমি সকল মানুষের প্রতিনিধি হিসেবে সবার কল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আহতদের অবদানও সমানভাবে জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রেখে দেশ গঠন ও গণতন্ত্রকে আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
