রাজবাড়ীতে জেলা পরিষদের পিআইসি প্রকল্প বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা পরিষদের উদ্যোগে পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) প্রকল্প বাস্তবায়ন-সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর) রাজবাড়ী জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। সভায় জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক পিআইসি প্রকল্পের কাজের অগ্রগতি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, “জনকল্যাণে গৃহীত প্রতিটি প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না।” তিনি প্রকল্প সংশ্লিষ্ট সকলকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় জেলা পরিষদের কর্মকর্তা, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।