
ফজলুল হক : রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম ধানবাড়িয়া গ্রামে শুক্রবার (৩১) জুলাই সকাল ১০টার দিকে বাল্যবিবাহ প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের বিয়ে বন্ধ করেছে উপজেলা প্রশাসন।
জানা যায়, মো. রিপন শেখের অপ্রাপ্তবয়স্ক কন্যা ও বাদশা শেখের অপ্রাপ্তবয়স্ক ছেলের সাথে এ বিয়ের আয়োজন করা হয়। উভয়ের বাড়ি কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম ধানবাড়িয়া গ্রামে।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী মহোদয়ের নির্দেশনায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজবাড়ী এর সার্বিক সহায়তায় কালুখালী উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহটি বন্ধ করে।
অভিযানকালে সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের বাল্যবিবাহের আইনগত দিক সম্পর্কে অবহিত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। এ সময় ছেলে ও মেয়ের অভিভাবকরা মুচলেকা দেন যে, ছেলের বয়স ২১ বছর এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবেন না। পাশাপাশি উভয়ের পড়ালেখা স্বাভাবিকভাবে চালিয়ে নেওয়ার বিষয়েও তারা অঙ্গীকার করেন।
অভিযানে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, রাজবাড়ী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ডিডি), সিএইচও জাফর আহমেদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পিভিএইচপি প্রকল্পের রাজবাড়ী সদর ও কালুখালী উপজেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, কালুখালী উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী শ্যামল কুমার বিশ্বাস এবং কালুখালী থানা পুলিশের সদস্যরা। অভিযানে আইনশৃঙ্খলায় সার্বিক সহযোগিতা করে কালুখালী থানা পুলিশ।
উপস্থিত কর্মকর্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ও আইনগত অপরাধ। এটি কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
