দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

বাসস : দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই ঘোষণা দেন। এ সময় তাঁর সাথে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সিলেটের হাসপাতালগুলোর ড্রেনেজ ব্যবস্থা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়ে বলেন, আগামী সাত দিনের মধ্যে এসব সমস্যার সমাধান করতে হবে। রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রাইভেট ক্লিনিকে ভাগিয়ে নেওয়া দালাল চক্রের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য যে একটি চক্র রোগীদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়৷ এই দালাল চক্রকে ধরার জন্য ডিজিএফআই, র‌্যাবসহ সব আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।’ তিনি দাবি করেন, বিভিন্ন হাসপাতালে চলমান অভিযানের ফলে এই চক্রের দৌরাত্ম্য আগের চেয়ে অনেকটা কমে এসেছে।
অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে মন্ত্রী জানান, জেলা প্রশাসক (ডিসি) এবং সিভিল সার্জনদের মাধ্যমে দেশজুড়ে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান ভুয়া চিকিৎসক বা সনদবিহীন টেকনিশিয়ান দিয়ে অপারেশনসহ চিকিৎসাসেবা পরিচালনা করছে, সেগুলো সিলগালা করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী নিজেই এসব প্রতিষ্ঠানের তালিকা তদারকি করছেন বলে জানান।
হাসপাতালে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গত এক মাসে তাঁর পরিদর্শন করা ২৫টিরও বেশি হাসপাতালে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া চিকিৎসকদের উন্নত আচরণ এবং হাসপাতালের খাবারের মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন।