
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালীতে মাদক বিরোধী পৃথক মোবাইল কোর্টের অভিযানে গাঁজা সেবন ও ব্যবসার অভিযোগে দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালিনগর গ্রাম এলাকায় মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেওয়ান সাগর মাহমুদ (৩০) নামে এক যুবককে গাঁজা সেবনের অভিযোগে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এদিকে, শনিবার (৫ সেপ্টেম্বর) একই এলাকায় পৃথক আরেকটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফারুদেব সরদার (৪০) কে গাঁজা ব্যবসার অভিযোগে হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
পৃথক দুটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা, বহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।
