পদ্মা নদীতে তীব্র স্রোত জৌকুড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর জৌকুড়া (ধাওয়াপাড়া) ও পাবনার নাজিরগঞ্জ নৌ-রুটে ফেরি চলাচল তিন দিন ধরে বন্ধ রয়েছে। আর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে স্রোতে ফেরি চলাচল ব্যাহত হয়েছে। এতে নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা ভোগান্তিতে পড়ছেন। বিকল্প পথে চলাচল করতে গিয়ে তাদের অতিরিক্ত সময় ও খরচ গুনতে হচ্ছে। অনেকেই ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত নৌকা বা স্পিডবোটে নদী পাড় হচ্ছেন। এ সুযোগে যাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত অর্থ।
জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোত বেড়ে যাওয়ায় রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ধাওয়াপাড়া ঘাটে থাকা দু’টি ফেরির মধ্যে একটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। অপর ফেরিটিও তীব্র স্রোতের কারণে যানবাহন নিয়ে নিরাপদে চলাচল করতে পারছে না।
স্থানীয় ব্যবসায়ী আজমল মন্ডল বলেন, এ ঘাটের একটি ফেরি দুই থেকে তিন মাস আগেই নষ্ট হয়ে বন্ধ হয়ে পড়ে রয়েছে। যে ফেরিটি চলাচল করতো, সেটিও তিন দিন ধরে বন্ধ রয়েছে। এখানে ভালো কোনো ফেরি নেই। তাও আবার নিয়মিত চলাচল করে না। সময় বেধে দেওয়া আছে ওই সময়ে শুধু চলাচল করে।
স্থানীয় লতিফ শেখ, আলীম শেখ, আলাউদ্দিন বলেন, ধাওয়াপাড়া ঘাটে মাঝে মধ্যেই ফেরি চলাচলে সমস্যা দেখা দেয়। ফেরিগুলো অনেক পুরোনো ও নিম্নমানের। এখন পদ্মায় তীব্র স্রোত থাকায় তিন দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আসা অনেক যানবাহন ফিরে যাচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে বিকল্প পথে গন্তব্যে যাচ্ছেন। এতে যাত্রী ও পণ্য পরিবহনে সময় ও ব্যয় দুটোই বাড়ছে।
তারা বলেন, দ্রুত ফেরি চলাচল স্বাভাবিক না হলে এ নৌরুটে যাত্রী ও পণ্য পরিবহনে ভোগান্তি আরও বাড়তে পারে।
পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে তিন দিন ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল। এতে এ নৌরুটে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকেরা চরম ভোগান্তিতে পড়েছেন।
যাত্রী সবুজ হোসেন, আনোয়ার হোসেন বলেন, ফেরিতে আমরা ৪০ টাকায় পাড় হতে পারতাম। এখন স্প্রীড বোটে ১৫০ টাকা করে নিচ্ছে। এতে অতিরিক্ত খরচ হচ্ছে। তারপরও প্রয়োজনে পাড় হতে হচ্ছে। আমরা চাই এ রুটে ভালো ফেরি দেওয়া হোক। সময় বেধে পাড় না করে ২৪ ঘন্টা সার্ভিস দেওয়া হোক।
বিআইডব্লিউটিসির ধাওয়াপাড়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম বলেন, তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমরা ফেরির চাহিদার কথা কর্তৃপক্ষকে জানিয়েছি। বিষয়টি তারা দেখছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল চরম ভাবে ব্যাহত হচ্ছে। গত সোমবার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সকাল পৌনে ১০ টার সময় পাটুরিয়া থেকে ছেড়ে আসে। ফেরিটি দৌলতদিয়ার চার নম্বর ঘাটে ভীড়তে পারেনি।
তিনি বলেন, প্রচন্ত স্রোতের কারণে ফেরিটি ঘাট থেকে কয়েক কিলোমিটার দুরে চলে যায়। স্রোতের কারণে আইটি জাহাজ ফেরি হামিদুরকে দৌলতদিয়ায় আনতে না পেরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে নিয়ে বেলা ২ টার সময় আনলোডিং করা হয়েছে। পরে ওই ফেরির যাত্রীরা ফেরি খানজাহান আলীতে নদী পার হয়ে দৌলতদিয়া ঘাটে আসে। আগে আধা ঘন্টা লাগলেও এখন প্রায় এক ঘন্টা সময় লাগছে।