বালিয়াকান্দিতে স্ত্রীর সাথে অভিমানে বিষপানে নেশাগ্রস্থ যুবকের মৃত্যু

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্ত্রীর উপর অভিমানে বিষপানে নজরুল বিশ্বাস (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নজরুল বিশ্বাস বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের চাঁদ আলী বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে মাদক ও নেশাজাতীয় দ্রব্য সেবনের কারণে নজরুল বিশ্বাস বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ধার করে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। গত ৭ সেপ্টেম্বর পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী হাসি বেগমের সঙ্গে নজরুলের ঝগড়া হয়। একপর্যায়ে হাসি বেগম রাগ করে একই গ্রামের বাবার বাড়িতে চলে যান। পরদিন গত ৮ সেপ্টেম্বর স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে ফিরিয়ে আনতে নজরুল সেখানে যান। তবে স্ত্রী তার সঙ্গে না আসায় তিনি অভিমান করে শ্বশুরবাড়ির পাশের কাঁচা রাস্তার ওপর গিয়ে সবার অগোচরে বিষপান করেন। বিষপানের পর অসুস্থ হয়ে রাস্তায় পড়ে থাকলে স্থানীয়রা বিষয়টি দেখতে পান। পরে খবর পেয়ে স্ত্রী হাসি বেগম দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর চিকিৎসার জন্য নজরুলকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, নজরুলের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ প্রক্রিয়াধীন রয়েছে।