
আদম আলী : দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতির মধ্যে এডিস মশা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ জোর দিয়েছেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন। ডেঙ্গু প্রতিরোধে এরই মধ্য সারাদেশের ন্যায় কালুখালীতে শুরু হয়েছে পরিষ্কার পরিছন্ন কর্মসূচি। কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন স্পষ্ট জানিয়েছেন, ডেঙ্গু থেকে বাঁচতে হলে সামাজিক ও ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নিলে এই রোগ প্রাণঘাতী রূপ নিতে পারে।
শনিবার (১২ সেপ্টেম্বর) এক বিশেষ সাক্ষাৎকারে ডা. ইসরাত জাহান উম্মন ডেঙ্গু প্রতিরোধ এবং আক্রান্তদের করণীয় নিয়ে বেশ কিছু জরুরি পরামর্শ ও বার্তা দিয়েছেন।
ডা. ইসরাত জাহান উম্মন বলেন, “আমাদের অসচেতনতার কারণেই এডিস মশা ঘরের ভেতরে বা চারপাশে বংশবিস্তার করে। শুধু সরকারি উদ্যোগের ওপর ভরসা না করে, প্রতিটি নাগরিককে নিজের ঘর ও আঙিনা পরিষ্কার রাখতে হবে।” তিনি ৩ দিনের বেশি কোথাও পানি জমতে না দেওয়ার ওপর বিশেষ জোর দেন। বিশেষ করে ফুলের টব, প্লাস্টিকের পাত্র, ডাবের খোসা ও ছাদ বাগান নিয়মিত পরীক্ষা করার আহ্বান জানান।
এডিস মশা মূলত দিনের বেলা কামড়ায়। তাই ঘুমানোর সময় দিন বা রাত যাই হোক অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। শরীর ভালোভাবে ঢেকে রাখে এমন পোশাক পরিধান করার অভ্যাস করতে হবে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। ঘরের জানালায় নেট ব্যবহার এবং প্রয়োজনে মশা তাড়ানোর লোশন বা রিপেলেন্ট ব্যবহারের পরামর্শ দেন তিনি।
জ্বর হলেই চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়ে ডা. ইসরাত জাহান উম্মন বলেন, এখন ডেঙ্গুর লক্ষণ অনেক সময় পরিবর্তিত হচ্ছে। তাই যেকোনো জ্বরকেই অবহেলা করা যাবে না। লক্ষণ দেখা মাত্রই হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। হাসপাতালে পর্যাপ্ত আইভি স্যালাইন মজুদ আছে আর ডেঙ্গু টেস্ট এ ঘঝ১ পরীক্ষা সরকারী নির্দেশনা অনুযায়ী ফ্রি হয়।
তিনি কঠোরভাবে সতর্ক করে বলেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই কোনো ব্যথানাশক বা পেইনকিলার যেমন আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক বা অ্যাসপিরিন খাওয়া যাবে না। এটি শরীরের ভেতরের রক্তক্ষরণ বাড়িয়ে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। জ্বর কমানোর জন্য কেবল প্যারাসিটামল ব্যবহার করা নিরাপদ।
ডেঙ্গু আক্রান্ত রোগীদের প্লাটিলেট কমে যাওয়া এবং পানিশূন্যতা রোধে প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়ানোর পরামর্শ দেন এই কর্মকর্তা ।
সবশেষে ডা. ইসরাত জাহান উম্মন বলেন, ডেঙ্গু কোনো ছোঁয়াচে রোগ নয়, তাই রোগীকে অবহেলা না করে সঠিক পরিচর্যা করতে হবে। মনে রাখবেন, আপনার সচেতনতাই পারে আপনার এবং আপনার পরিবারের মূল্যবান প্রাণ বাঁচাতে।
