রাজবাড়ীতে সারের ডিলার হতে চান ৩০১জন

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : কৃষকের কাছে সার সরবরাহ ও বিক্রির ব্যবসায় নামতে রাজবাড়ীর ৪২টি ইউনিয়নে ৩০১ জন ব্যবসায়ী আবেদন করেছেন।
মঙ্গলবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নে ৯১ জন, পাংশার ১০ ইউনিয়নে ৭৪, কালুখালীর ৭ ইউনিয়নে ৬২, বালিয়াকান্দির ৭ ইউনিয়নে ৪৭ এবং গোয়ালন্দের ৪ ইউনিয়নে ২৭ জন আবেদন করেছেন।
আবেদনকারীদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্ধারিত স্থানে সার সংরক্ষণের ব্যবস্থা ও সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ না করেও অনেকে আবেদন করেছেন। নতুন ডিলার হতে এরই মধ্যে কেউ কেউ তদবির শুরু করেছেন বলেও অভিযোগ রয়েছে। সার ব্যবসা লাভজনক হওয়ায় অনেকে আবেদন করেছেন বলে জানিয়েছেন আবেদনকারীরা। আবেদনকারীদের মধ্যে রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ও তাদের স্বজনও রয়েছেন বলে অভিযোগ উঠেছে।
নতুন ডিলার নিয়োগ দিতে এরই মধ্যে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।
এছাড়াও সভায় অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ পাঁচ উপজেলার কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. শহিদুল ইসলাম বলেন, নতুন ডিলার নিয়োগে যাচাই-বাছাই শুরু হয়েছে। সঠিকভাবে যাচাই-বাছাইয়ের জন্য কঠোর নির্দেশনা রয়েছে।