স্টাফ রিপোর্টার :রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকায় অভিযান চালিয়ে ২টি আগ্নেয়াস্ত্র, ২টি কার্তুজ এবং ১০টি ককটেলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।
বৃহস্পতিবার ( ১৭ সেপ্টেম্বর ) সকালে গোয়ালন্দঘাট থানার দক্ষিণ উজানচর এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম, মোঃ ইসলাম সেক ওরফে আকাশ (৪১)। তিনি গোয়ালন্দঘাট থানার ভোলাই মাতবর পাড়ার এরসাদ সেকের ছেলে।
এসআরবি জানিয়েছে, আকাশের বিরুদ্ধে আগে থেকেই ২টি অস্ত্র মামলা ও ১টি চাঁদাবাজি মামলা রয়েছে।
এসআরবি-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ উজানচর এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামির কাছ থেকে দেশীয় তৈরি ২টি ওয়ান শুটার গান, ২টি তাজা কার্তুজ এবং ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
এসআরবি-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তপন সরকার জানান, অপরাধ ও নাশকতার বিরুদ্ধে এসআরবিজিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।