নাব্যতা সংকটে বন্ধ দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট

লেখক:
প্রকাশ: ৫ দিন আগে

সিরাজুল ইসলাম : দেশের ব্যাস্ততম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে প্রবল স্রোত ও পলি জমে নাব্যতা সংকটে ৭নম্বর ফেরিঘাট বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাহউদ্দীন।
সরেজমিনে দেখা যায়, ৭ নম্বর ফেরিঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে পণ্যবাহী ট্রাক, বাসসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
দৌলতদিয়া ঘাট সুত্রে জানাযায়, প্রবল স্রোতের কারণে প্রচুর পলি জমে নাব্যতা সংকট দেখা দিয়েছে। ফলে ৭ নম্বর ঘাটে ফেরিগুলো ভিড়তে পারছে না। ভিড়তে গেলে আটকে যাচ্ছে। সারা বছর ড্রেজিং কার্যক্রম চলমান থাকলেও প্রায় প্রতিবছর এ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। তাছাড়া নদীতে প্রচুর স্রোত থাকায় প্রায় ৩০-৪০ মিনিট বেশি সময় লাগছে নদী পার হতে।
এছাড়া, কাগজে-কলমে দৌলতদিয়া প্রান্তে সাতটি ফেরিঘাট থাকলেও বর্তমানে সচল রয়েছে ৩ ও ৪ নম্বর ঘাট। ১ ও ২ নম্বর ফেরিঘাট দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এছাড়া সম্প্রতি ৫ নম্বর ফেরিঘাট নির্মাণ করা হলেও সেটা চলাচলের অনুপযোগী বলে জানাযায়। ব্যস্ততম এই নৌরুটের একটি ঘাট বন্ধ থাকায় যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সালাহউদ্দীন বলেন, শুক্রবার ভোর ৫টা থেকে নাব্যতা সংকটের কারণে ৭ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। ঘাটটি চালু করার ব্যাপারে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে ১২টি ফেরি চলাচল করছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা বলেন, ‘৭ নম্বর ঘাটে চরের একটি সমস্যা তৈরি হয়েছে বলে জানতে পেরেছি। এ কারণে ঘাটটি বন্ধ রয়েছে। আমরা পুলিশের মাধ্যমে যানবাহন ও যাত্রীদের নিরাপত্তায় নজরদারি করছি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে।