
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর বাজারে ভ্রাম্যমান বাজার অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় আলেকজান মেডিকেল হল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক অর্পিত ক্ষমতাবলে এবং রাজবাড়ী জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদুল হাসান কর্তৃক রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য এবং অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয়। এছাড়াও উপস্থিত সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়। এ কার্যক্রম পরিচালনাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনজনিত কারণে আলেকজান মেডিকেল হল মালিককে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়।
সহযোগিতায় জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক এবং পুলিশ লাইনের একটি টিম এবং পেসকার ভোক্তা অফিস রাজবাড়ীর সবুজ হোসেনের অংশগ্রহণে উপর্যুক্ত তদারকি কার্যক্রম পরিচালিত হয়েছে। জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
