
স্টাফ রিপোর্টার : দেশীয় মাছের বংশবৃদ্ধি ও প্রান্তিক মৎস্যজীবীদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে আনুষ্ঠানিকভাবে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মেছোঘাটা মরা পদ্মা ও গোপীনাথপুর জলাশয়সহ উপজেলার মোট ১৫টি নির্ধারিত জলাশয়ে ৩৩৪ কেজি মানসম্মত পোনামাছ অবমুক্ত করা হয়।
পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার মোঃ মাজবুব উল হক, সিনিয়র সহকারী পরিচালক পলাশ হালদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফয়জুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হালিমা সরদার, রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী কৃষকদলের নেতা মোঃ তোজাম্মেল হোসেন তোজাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুফলভোগী মৎস্যজীবিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, সরকারি রাজস্ব খাতের আওতায় উন্মুক্ত জলাশয়ে এ ধরনের পোনামাছ অবমুক্তকরণ উদ্যোগ প্রাকৃতিক পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত করার ফলে একদিকে যেমন দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বাড়বে, অন্যদিকে স্থানীয় সুফলভোগী ও সাধারণ মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ সহজ হবে। পোনামাছগুলো যেন বড় হওয়ার পর্যাপ্ত সুযোগ পায়, সেজন্য কারেন্ট জাল ব্যবহার না করা এবং ছোট মাছ ধরা থেকে বিরত থাকার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
