
মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মেরিন বেগম (৩৫) নামে এক নারীকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত এবং গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তার দেবর ও দেবরের স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়েক করেছেন। মেরিন বেগম উপজেলার জামালপুর ইউনিয়নের তুলসীবরাট গ্রামের বাসিন্দা এবং সিরাজুল শেখের স্ত্রী।
থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মেরিন বেগমের বাড়ির জমি নিয়ে তার দেবর লাভলু শেখের সঙ্গে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাকে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি দেওয়া হতো বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রায় এক বছর আগে তাকে মারধর করে মাথায় আঘাত করা হলেও পারিবারিক সম্পর্কের কারণে সে সময় কোনো আইনগত ব্যবস্থা নেননি বলে দাবি করেছেন মেরিন বেগম।
অভিযোগে বলা হয়, গত ১ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে মেরিন বেগম নিজ বাড়িতে নাতনিকে কোলে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দেবরের স্ত্রী রোজিনা বেগমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে লাভলু শেখ ও রোজিনা বেগম ধারালো চাপাতি, রামদা, লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে আসেন বলে অভিযোগ করা হয়েছে।
মেরিন বেগমের অভিযোগ, এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। তিনি এর প্রতিবাদ করলে লাভলু শেখ লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় আঘাত করেন। এতে মাথার বাম পাশে গুরুতর রক্তাক্ত জখম হয়। একই সময় তার গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়েছে, মেরিন বেগমের ছেলের স্ত্রী জান্নাতি বেগম এগিয়ে এলে তাকেও কাঠের বাটাম দিয়ে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় মেরিন বেগমকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঘটনার পর অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় তাদের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন মেরিন বেগম। অভিযোগে ঘটনার সাক্ষী হিসেবে মোঃ সিরাজুল শেখ ও মোছা. জান্নাতি বেগমের নাম উল্লেখ করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে লাভলু শেখ বলেন, ঘটনার দিন তার স্ত্রী রোজিনা বেগমকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেরিন বেগম অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঞ্ছিত করছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লোকজন কাঠের লাঠি দিয়ে তাকে আঘাত করতে যায়। তিনি মাথা সরিয়ে নিলে ওই লাঠির আঘাত মেরিন বেগমের মাথায় লাগে এবং তিনি আহত হন বলে দাবি করেন লাভলু শেখ।
এ বিষয়ে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা, ঘটনার প্রকৃত কারণ এবং উভয় পক্ষের দাবির বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়া সম্ভব বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
