
মাসুদ রেজা শিশির : কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমানো ও শ্রমসংকট দূর করার লক্ষ্যে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট)-এর উদ্যোগে “রাইস ট্রান্সপ্লান্টার প্রযুক্তির মাধ্যমে ধান চাষাবাদ” শীর্ষক এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২ টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) এর আয়োজনে এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে বক্তারা জানান, সনাতন পদ্ধতিতে হাত দিয়ে ধান রোপণ করতে প্রচুর শ্রমিক ও সময় লাগে, যা চাষিদের উৎপাদন খরচ বাড়িয়ে দেয়। অন্যদিকে, রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করলে শ্রমিক ও রোপণ খরচ প্রায় ৪০-৫০% পর্যন্ত কমে যায়। নির্দিষ্ট গভীরতায় ও সমান দূরত্বে চারা রোপণ করা যায়, ফলে আলো-বাতাস পেয়ে ফলন বৃদ্ধি পায়। সারিবদ্ধভাবে রোপণের কারণে নিড়ানি ও সার/কীটনাশক প্রয়োগ করা সহজ হয়।
প্রদর্শনীতে অংশ নেওয়া স্থানীয় কৃষকরা ট্রে-তে চারা তৈরি এবং রাইস ট্রান্সপ্লান্টারের সহজ কার্যকারিতা দেখে সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
অন্যদিকে সিমিট-এর প্রতিনিধিরা জানান, পরিবর্তিত জলবায়ুর প্রভাব মোকাবেলা ও তরুণদের কৃষিতে আগ্রহী করতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার প্রসারে তারা বিভিন্ন অঞ্চলে এই ধরণের প্রদর্শনী ও প্রশিক্ষণ অব্যাহত রাখবে।
এ সময় বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন, মোঃ হাফিজ হাসান, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রজেক্ট,কৃষিবিদ রোকনুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (পিপি) প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি মোঃ হাফিজ হাসান, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রজেক্ট, কৃষিবিদ রোকনুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক (পিপি), মোঃ রোকনুজ্জামান, বারি, যশোর ও কৃষিবিদ হাফিজুর রহমান, গবেষণা ও উন্নয়ন সমন্বয়ক, সিমিট প্রমুখ উপস্থিত ছিলেন।
