
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৬ উপলক্ষে উপজেলার ০২ টি মাছবাজার, ০৩ টি মৎস্য আড়ৎ, ০৪ টি বরফকল ও ০২ টি ফেরিতে অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার ( ৯ অক্টোবর) সকালে সকালে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট। এ সময় তার সাথে ছিল দৌলতদিয়া নৌপুলিশ ফাড়ি ও গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সদস্যরা।
জানাযায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ সফল করতে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নিয়মিত মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এসময় ইলিশ বিক্রি, বিপণন ও মওজুদ বন্ধ থাকবে। কিন্তু কিছু অসাধু চক্র এই মাছ বিক্রি এবং সংরক্ষণ করে আসছে এগুলোকে নিরুৎসাহিত করার জন্য এই অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান -২০২৬ উপলক্ষে যেখানে যেখানে মাছ বিক্রি ও সংরক্ষণ করা হয় এমন সম্ভাব্য স্থানে আমাদের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালীন কোথাও কোনো ইলিশ মাছ পাওয়া যায়নি। মা ইলিশ সংরক্ষণার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মোঃ মাহবুব উল আলম বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে শুক্রবার ২য় দিনের ০৩টি অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
