
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এবং ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইন্টারন্যাশনাল লিমিটেডের বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ রিজিওনাল কানেক্টিভিটি প্রকল্প-১: বাণিজ্য মন্ত্রণালয়ের অংশ (৪র্থ সংশোধিত)-এর আওতায় রাজবাড়ী জেলার নারী উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকাল ৩টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মীর মনির হোসেন এবং রাজবাড়ী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি ঈমান উল করিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আহ্বায়ক এবং নতুন প্রজন্ম উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশন চেয়ারম্যান সাগুফতা সুলতানা।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের ব্যবসায়িক উদ্যোগকে আরও সম্প্রসারণ ও টেকসই করার জন্য প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আমরা বিশ্বাস করি, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা রাজবাড়ী জেলার নারী উদ্যোক্তাদের আত্মবিশ্বাসী, দক্ষ ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করবে।
