
সাখাওয়াত হোসেন সোহান : রাজবাড়ীতে রাস্তার উপর এলোপাতাড়ি বাস রেখে যানজট সৃষ্টির প্রতিবাদ করায় মোঃ ইসলাম (৪০) নামের এক সংবাদপত্র অফিস সহায়কের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাথায় গুরুতর জখম হয়ে ১৪ টি সেলাই লাগলেও মেডিকেল রিপোর্টে তা সঠিকভাবে উল্লেখ না করার অভিযোগ উঠেছে। ন্যায়বিচার পাওয়ার দাবিতে মঙ্গলবার রাজবাড়ীর অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারাজি পিটিশন দাখিল করেছেন ভুক্তভোগী ইসলাম। মামলাটি রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কে তদন্ত পুর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।
এজাহারে সূত্রে জানা গেছে, গত ৫ জুন সকাল ৯টার দিকে ভুক্তভোগী মোঃ ইসলাম বালিয়াকান্দিতে পত্রিকা বিতরণের কাজ শেষ করে অটোরিকশায় রাজবাড়ী পত্রিকা অফিসে ফিরছিলেন। এ সময় রাজবাড়ী সদর থানার চর লক্ষ্মীপুর নতুন বাজার মুরগির ফার্ম বাস স্ট্যান্ড এলাকায় ‘রাবেয়া পরিবহন’-এর একটি বাস (রাজবাড়ী-হ-১১-০০৭৪) মহাসড়কের মাঝখানে এলোপাতাড়িভাবে রেখে যানজট সৃষ্টি করে। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি বাসচালক ও শ্রমিকদের যানজটমুক্ত করার অনুরোধ জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাসচালক মিলন ওরফে কালা মিলন, ফিরোজসহ অন্যান্যরা।
একপর্যায়ে লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। রাবেয়া পরিবহনের ড্রাইভিং সিটে থাকা মিলন লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় ও কপালে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার পকেট থেকে পত্রিকা বিক্রির ৩ হাজার ৭৯৫ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী মোঃ ইসলাম জানান, হামলায় তার মাথায় ১২টি এবং ভেতরে ২টিসহ মোট ১৪টি সেলাই লেগেছে। কিন্তু রাজবাড়ী সদর হাসপাতালের ইনজুরি সার্টিফিকেটে (মেডিকেল রিপোর্টে) ক্ষতের সঠিক এ বিবরণ ও গুরুত্ব সঠিকভাবে উল্লেখ করা হয়নি। রিপোর্টে ইনজুরিগুলোকে ‘সাধারণ’ (ঝরসঢ়ষব রহ হধঃঁৎব) হিসেবে উল্লেখ করা হয়েছে। যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী। এ ত্রুটিপূর্ণ ও মনগড়া রিপোর্টের প্রতিকার এবং ন্যায়বিচার চেয়ে তিনি রাজবাড়ী আদালতে নারাজি পিটিশন দাখিল করেছেন।
রাজবাড়ী অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তার আবেদনটি মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের জন্য রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার্স ইনচার্জকে নির্দেশ প্রদান করেছেন।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট গোলাম মোস্তফা বলেন, নারাজি পিটিশনটি গ্রহণ করে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
