
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. আব্দুস সালামের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদকমুক্ত সমাজ গঠন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চরকুলটিয়া গ্রামে আব্দুস সালামের নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। মো. আব্দুস সালাম মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
হাজী মোসলেম উদ্দিনের সভাপতিত্বে সভাটি উপস্থাপনা করেন আব্দুর রহমান মাস্টার। এতে হাজী আব্দুল মোসলেম উদ্দিন মাস্টার, উপজেলা তরুণ দলের সাধারণ সহ-সম্পাদক কাজী রোহান, ওয়ার্ড বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম এবং সাবেক ওয়ার্ড মেম্বার হাজী ওমর আলী বাবনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্যে মো. আব্দুস সালাম এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাবনা তুলে ধরেন। তিনি মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইউনিয়নের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়েও কথা বলেন।
এ সময় ফ্যামিলি কার্ডের মতো জনকল্যাণমূলক উদ্যোগের বিষয়টি আলোচনায় উঠে আসে। সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ, এলাকার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যাগুলো সমাধানের বিষয়ে মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. আব্দুস সালাম মাজবাড়ী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
