চলছে ইলিশের প্রজনন মৌসুম : রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ জেলে আটক : জাল ও ইলিশ জব্দ

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

মেহেদী হাসান : ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় সারাদেশে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজবাড়ীর পদ্মায় ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করেছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা। সেই সাথে জব্দ করা হয়েছে বিপুল পরিমান কারেন্ট জাল ও ইলিশ মাছ।
বুধবার ভোর থেকে সকাল ৮ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের কর্মকর্তারা।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহাবুব উল হক বলেন, ইলিশ রক্ষায় পদ্মায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় পদ্মা নদীর ধাওয়াপাড়া ঘাটসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক, ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। আটককৃতদের রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পায়রা চৌধুরী ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছে।
সহকারী কমিশনার ভুমি পায়রা চৌধুরী বলেন, আটককৃতদের জেল জরিমানার পাশাপাশি জব্দকৃত জাল আগুনে পুরিয়ে নষ্ট করা হয়েছে আর জব্দকৃত ইলিশ মাছ কয়েকটি এতিম খানায় প্রদান করা হয়েছে। ইলিশ রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পাংশা উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে ২জন জেলেকে ১৬ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন পাংশা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ। রাজবাড়ী সদয় উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪ জন জেলেকে ২১ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অন্য ৪ জনের ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন, রাজবাড়ী সদর সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরী।