
সিরাজুল ইসলাম : শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
বুধবার (২১ অক্টোবর) বেলা ১২ টার দিকে তিনি প্রথমে উপজেলার ছোট্ট ভাকলা ইউনিয়নের বাড়ই ডাঙা এলাকার দু’টি মন্দির পরিদর্শন করেন। এরপর শতবছরের ঐতিহ্যবাহী মঠ মন্দির পরিদর্শনের আসেন। এ-সময় মন্দির কতৃপক্ষ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। মহা নবমী উপলক্ষে তিনি পূজার আড়তি উপভোগ করেন। এরপর তিনি বালক সমিতি সার্বজনীন পূজা মন্দির, গোয়ালন্দ বাজার সার্বজনীন পূজা মন্দির, রামকৃষ্ণ পল্লী সার্বজনীন পূজা মন্দির, নগররায়ের বাড়ি পূজা মন্দির পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের বিভিন্ন সমস্যার কথা শুনে আর্থিক সহায়তা প্রদান করে।
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, সব ধর্মের মানুষ এতটা সম্প্রীতি ও সৌহার্দ্যের মধ্যে একত্রে বসবাস করে। আপনারা এ দেশের গর্বিত নাগরিক। সব সময় মাথা উঁচু করে চলবেন এবং ধর্মীয় কৃষ্টি-কালচার আনন্দের সঙ্গে উদযাপন করবেন। সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে।
হরিজন সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “আপনারা নিজেদের হরিজন বলেন, আসলে আমরা সবাই মানুষ। এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়।”
তিনি আরও বলেন, সামাজিক সম্প্রীতি, মানবিক মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। এমন একটি দেশ গড়ে তুলতে চায় সরকার, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন এবং সবার মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম বজায় থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন রেজা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি গাজী হাবিব, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আকমল হোসেন, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট গফুর, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিদ বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মাহবুব আলম শাহীন প্রমূখ।
