দৌলতদিয়া পদ্মা নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

লেখক:
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নুর আমিন ফকির (০৯) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। নিখোঁজ নুর আমিন ফকির দৌলতদিয়া শাহাদাত মেম্বার পাড়ার রেজাউল ফকিরের ছেলে।
নুর আমিনের বাবা মা ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১২ টার দিকে দৌলতদিয়া সাত্তার মেম্বারপাড়া এলাকার ৬ নম্বর ফেরিঘাটের পাশে পদ্মা নদীতে ৩-৪ জন বাচ্চা পানিতে বল খেলতে গিয়ে নামে। এ সময় কলার ভেলা দিয়ে পানিতে সাঁতার কাটা অবস্থায় নুর আমিন পানিতে নিখোঁজ হলে অপর দুই শিশু তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে তার পরিবারকে জানায়। খবর পেয়ে প্রথমে দৌলতদিয়া নৌপুলিশ, পরে ফায়ার সার্ভিসের লোকজন এবং ডুবুরি দল নেমে খুঁজতে থাকে। এ সংবাদ লেখা পর্যন্ত শিশুটির কোন সন্ধান মেলেনি।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ঘটনা শোনার সাথে সাথে নৌ-পুলিশের একটি দল এবং ফায়ার সার্ভিসের লোকজন খোঁজাখুজি করে পরবর্তী সময় ডুবুরি দল এসে এ কাজে যোগ দেয়। তবে এখনো খোঁজাখুঁজি চলছে।
আরিচা স্থল কাম নদী ফায়ার স্টেশন লিডার মোঃ জাহিদুল ইসলাম জানান, তারা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দুপুর ২টার দিকে উদ্ধার কাজ শুরু করেছেন। বিকাল ৫টা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায় নাই। দিনের আলো থাকা পর্যন্ত উদ্ধার কাজ চালানো হবে। এ সময়ের মধ্যে শিশুটির সন্ধান না পাওয়া গেলে সকাল থেকে দ্বিতীয় দিনের উদ্ধার কাজ শুরু করা হবে।