অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তীর প্রয়াণে শোকসভা

লেখক:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার :”তোমায় মহাবিশ্বে কিছু হারায় না তো কভু” নারীর মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রামী নেত্রী অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তীর প্রয়াণে শাকস্তব্ধ শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৬ নভেম্বর) বিকাল ৪ টা রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। এসময় মহিলা পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নারী নেত্রী, শিশু সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবী দেবাহুতি চক্রবর্তী (৭৩) গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। দেবাহুতি চক্রবর্তীর বাবা কুমারেশ চক্রবর্তী। রাজবাড়ী শহরের এক প্রতিষ্ঠিত চক্রবর্তী পরিবারে তার জন্ম।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হন। পরে ভারতে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। নিজে ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও থেমে থাকেননি তিনি। ক্যান্সার রোগীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সমমনা ব্যক্তিদের নিয়ে গড়ে তোলেন ‘রাজবাড়ী ক্যান্সার সোসাইটি’। সংগঠনটির মাধ্যমে ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা-পরামর্শসহ বিভিন্ন ধরনের সহযোগিতা দেওয়া হতো।
শিশুদের সাংস্কৃতিক ও সৃজনশীল বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন দেবাহুতি চক্রবর্তী। রাজবাড়ী শহরের শিশুদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘আবোল তাবোল’ নামের শিশু সংগঠন। দীর্ঘদিন বাংলাদেশ মহিলা পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অসহায় ও নির্যাতিত নারীদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ছিলেন। তিনি ছিলেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নারী আইনজীবী।
নিঃসন্তান দেবাহুতি চক্রবর্তী মৃত্যুর আগেই নিজের মরদেহ ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে দান করে গেছেন।