
সিরাজুল ইসলাম : সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের লকডাউনের নামে নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল চারটার দিকে উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন থেকে থেকে একটি মিছিল বের হয়ে দৌলতদিয়া বাজার ও টার্মিনাল প্রদক্ষিণ করে দৌলতদিয়া রেলস্টেশন সংলগ্ন শহীদ মিনারে এসে শেষ হয় এবং সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশে অনুষ্ঠিত।
পরে সেখানে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, লকডাউনের নামে দেশব্যাপী কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। গোয়ালন্দে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে ও কঠোর হাতে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সর্বদা রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ রয়েছেন। গোয়ালন্দের মাটিতে কোনো অপশক্তিকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মুরাদ আল রেজা, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার মোল্লা,
পৌর যুবদলের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন মন্ডল সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
