
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল থেকে শাওন মন্ডল (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আটক শাওন মন্ডল দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার আইয়ুব মন্ডলের ছেলে। তিনি গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল মন্ডলের ভাতিজা।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাত ৯টার দিকে দৌলতদিয়া টার্মিনালসংলগ্ন আঞ্জুমান-ই-কাদেরিয়া খানকা শরিফের সামনে থেকে ১১ নভেম্বর যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী একটি ঝটিকা মিছিল বের করেন।
মিছিলটি দৌলতদিয়া টার্মিনাল জামে মসজিদের সামনে পৌঁছালে সেখানে দায়িত্ব পালনরত গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ শাওন মন্ডলকে আটক করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম জানান, উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম মিছিলটির সার্বিক সহায়তায় ছিলেন। আটক শাওন মন্ডলকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
