গোয়ালন্দে অসুস্থ গরু জবাইয়ের প্রস্তুতি কালে অভিযানে কসাইকে জরিমানা

লেখক:
প্রকাশ: ৪৪ minutes ago

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দে জবাইয়ের উদ্দেশ্যে কসাইখানায় অসুস্থ গরু রাখার দায়ে বাবুল নামে এক কসাইখানার মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট। একই সঙ্গে জরিমানা অনাদায়ে তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার উজানচর জামতলা সংলগ্ন এলাকায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষা এবং বাজারে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংসের সরবরাহ নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসীর হাসান খানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে উজানচর জামতলা এলাকার একটি কসাইখানায় জবাইয়ের উদ্দেশ্যে অসুস্থ গরু রাখার বিষয়টি শনাক্ত করেন মোবাইল কোর্ট। এ সময় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪(১) ধারা লঙ্ঘনের দায়ে কসাইখানার মালিক বাবুলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসীর হাসান খান বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং সাধারণ মানুষের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। অসুস্থ পশু জ-বাই কিংবা আইনবহির্ভূতভাবে পশু জ-বাইয়ের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকলে অসুস্থ পশু জবাই প্রতিরোধের পাশাপাশি ভোক্তাদের নিরাপদ খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।