
মেহেদী হাসান : ঘুর্ণিঝড় আকভানের প্রভাবে টানা দুই দিন বৃষ্টির ফলে রাজবাড়ীতে পেঁয়াজের বীজতলায় ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপক জমির ক্ষতি হলেও রবিবার বিকেল পর্যন্ত কি পরিমাণ জমির বীজতলা ক্ষতি হয়েছে তার সঠিক হিসেব বের করতে পারেনি কৃষি বিভাগ। তবে এরই মধ্যে প্রতিটি উপজেলায় কৃষি কর্মকর্তাদের ক্ষতির পরিমাণ নিরুপন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে বলে দাবি করেছে জেলা কৃষি কর্মকর্তার কার্যালয়।
স্থানীয়রা বলেন, সারাদেশে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় জেলা রাজবাড়ীতে মাঠের পর মাঠ এখন পেঁয়াজ বীজতলা প্রস্তুুত করেছে কৃষকেরা। গত বৃহস্পতিবার ও শুক্রবারের টানা বৃষ্টিতে বেশিরভাগ পেঁয়াজ বীজতলা পানিতে তলিয়ে গেছে। যে কারণে ক্ষতির আশঙ্কা করছে কৃষক। তবে কিছু কিছু এলাকায় মেশিন দিয়ে পানি সেচে বের করার চেষ্টা করেছে কৃষক।
বরিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামে গিয়ে দেখাযায়, সেখানে অন্তত ১২ টি সেলো মেশিন বসিয়ে মাঠ থেকে পাশের খালে পানি বের করছে কৃষকেরা।
এ সময় কৃষক নাছির উদ্দিন বলেন, এ মাঠে কৃষকেরা অন্তত এক কোটি টাকার পেঁয়াজ বীজ বুনেছে। যেখান থেকে চারা গজানো শুরু করেছে। এ চারায় শত শত বিঘা জমিতে হালি পেঁয়াজ রোপন করা যেতো। কিন্তুু মাঠে যেভাবে পানি বেঁধে আছে তাতে কৃষকের সর্বনাশ হয়ে যাবে। এতে লোকশানে পড়বে কৃষক।
কৃষক হাবিবুল্লাহ বলেন, টানা দুইদিনের বৃষ্টির পানিতে পেঁয়াজের বীজতলা তলিয়ে গেছে। পাকা ধান কাটার পরে ঘরে তুলতে পারি নাই। সেই ধান পানিতে ভাসছে। এ ধান থেকে চারা গজিয়ে যাবে। সারা বছর কষ্ট করে ধান ফলিয়ে সেই ধান ঘরে তোলা সম্ভব হচ্ছে না। এর চেয়ে কষ্টের আর কি থাকতে পারে বলে প্রশ্ন রাখেন তিনি।
কৃষক খলিলুর রহমান মিয়া বলেন, রাজধরপুর গ্রামের মাঠের পানি বের হয়ে যাওয়ার জন্য একটি স্লুইচ গেট জরুরী হয়ে পড়েছে। এখানে একটি স্লুইচ গেট দেওয়া হলে সারা বছর আর ফসল নিয়ে কৃষকের চিন্তায় থাকতে হবে না।
বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, বালিয়াকান্দি উপজেলায় মোট ৮৯৫ হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। এ অবস্থায় ছত্রাক নাশক প্রয়োগসহ বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাছাড়া ক্ষতিগ্রস্থ কৃষকদের পাশে দাড়াতে তালিকা পাছানোর কথা জানিয়েছেন তিনি।
