
আদম আলী : রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নে সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দিনব্যাপী বিশেষ টিকাদান ও ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
কালুখালী উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং মাজেদ মোল্লা চক্ষু হাসপাতালের যৌথ আয়োজনে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রতনদিয়ার কৃষ্ণনগর সিসি সহ রতনদিয়া ইউনিয়নের সকল টিকা কেন্দ্রে ও কৃষ্ণনগর সরকারী প্রার্থমিক বিদ্যালয়ে এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।
ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম রেজাউল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী এবং মাজেদ মোল্লা চক্ষু হাসপাতালের ম্যানেজার আছিবুল হক সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সকাল থেকেই চিকিৎসা সেবা নিতে আসা নারী, পুরুষ, প্রবীণ ও শিশুদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে গ্রামাঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে এই ক্যাম্প ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দিনব্যাপী এই ক্যাম্পে ১২০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ক্যাম্পে মাজেদ মোল্লা চক্ষু হাসপাতালের একদল অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক আগত রোগীদের চোখের ছানি, দৃষ্টিশক্তির ত্রুটি, নেত্রনালির সমস্যাসহ চোখের নানা জটিলতা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে পরীক্ষা করেন। পাশাপাশি প্রাথমিক পরীক্ষায় যাদের চোখে ছানি শনাক্ত হয়েছে, তাদের মাজেদ মোল্লা চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হবে।
চক্ষু চিকিৎসার পাশাপাশি ক্যাম্পের অপর অংশে কালুখালী উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। এতে এলাকার শিশু ও গর্ভবতী মায়েদের নিয়মিত টিকার পাশাপাশি বিশেষ রোগ প্রতিরোধমূলক টিকা প্রদান করা হয় এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার এসএম রেজাউল করিম বলেন, “প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষ অর্থের অভাবে এবং সচেতনতার অভাবে অনেক সময় চোখের চিকিৎসা করাতে পারেন না। ফলে অনেকেই ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও মাজেদ মোল্লা চক্ষু হাসপাতালের এই যৌথ উদ্যোগ সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবান ও অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠানগুলো এভাবে এগিয়ে এলে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজ হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বলেন, “জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য বিভাগ সবসময় কাজ করে যাচ্ছে। আজকের এই ক্যাম্পে চক্ষু চিকিৎসার পাশাপাশি মা ও শিশুদের টিকাদান নিশ্চিত করা হয়েছে। ভবিষ্যতেও উপজেলার অন্যান্য ইউনিয়নে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
চিকিৎসা ও টিকা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। বিনামূল্যে চোখের পরীক্ষা, ওষুধ ও চশমা পেয়ে অনেক প্রবীণ রোগী আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
