
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে পুকুরের পানিতে ডুবে মাহিম শেখ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়নের নিচপাড়া গ্রামের সাইফুলের ছেলে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বানীবহ ইউনিয়নের নিচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে বাড়িতে খেলছিল মাহিম। খেলার একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের শাহিনের পুকুরে পড়ে যায় সে। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে স্থানীয়রা পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
