
আদম আলী : রাজবাড়ীর কালুখালীতে যৌতুকের কারণে মোছাঃ মিম আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতন ও শ্বাসরোধে হত্যার অভিযোগে অভিযুক্ত আসামীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে কালুখালী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, গত ১৭ আগস্ট যৌতুকের দাবি পূরণ না করায় ও আসামী পান্নু কাজীর পরকীয়ার বিষয় জেনে ফেলায় মিম আক্তারকে নির্মমভাবে শ্বাসরোধে হত্যা করে দোচালা টিনের ঘরের আড়ার সাথে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হয়।
পরে পুলিশে ও স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপে অপমৃত্যু মামলা দায়ের হলেও ন্যায়বিচারের আশায় নিহত মিমের বাবা মোঃ আলামিন মণ্ডল কালুখালী আমলী আদালতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা (সিআর মামলা) দায়ের করেন। মামলা নং সিআর ৩৪০/২৪। মামলায় স্বামী মোঃ পান্নু কাজী (২৫), শ্বশুর মোঃ আলম কাজী (৫০) সহ মোট ৮ জনকে আসামী করা হয়েছে।
মানববন্ধন থেকে অবিলম্বে সকল আসামীকে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান নিহতের পরিবার ও সচেতন এলাকাবাসী।
