কালুখালীর মাঝবাড়ী হুরুননেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

রাকিবুল ইসলাম : রাজবাড়ীর কালুখালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাঝবাড়ী হুরুননেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার মাঝবাড়ী হুরুননেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকমন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং ও মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি নির্বাহী অফিসার (ইউএনও) এস.এম. রেজাউল করিম তার বক্তব্যে বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক এই তিনের সমন্বয়েই একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দিলেই হবে না, তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। অভিভাবকদের তাদের সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, ঠিকমতো স্কুলে আসছে কিনা তা নিয়মিত খোঁজখবর রাখতে হবে। মাঝবাড়ী হুরুননেছা স্মৃতি উচ্চ বিদ্যালয়কে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, শিক্ষার উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রেখেছে।