
স্টাফ রিপোর্টার : রবিবার (৩০ আগষ্ট) অনুষ্ঠেয় জাতীয় সংসদের বৈঠকে লিখিত উত্তরদানের জন্য প্রশ্ন ও উত্তরে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর-রশিদ কৃষি মন্ত্রীর অনুগ্রহ করে বলেন, আমার নির্বাচনী এলাকা-২১০ রাজবাড়ী-২ পাংশা, বালিয়াকান্দি এবং কালুখালী উপজেলার পদ্মা ও গড়াই নদীর তীরবর্তী পাংশা ও কালুখালী উপজেলার দুর্গম চরাঞ্চলের অনুর্বর জমিতে ডাল, তেলবীজ ও ভুট্টা চাষ সম্প্রসারণের লক্ষ্যে সৌরচালিত সেচ পাম্প বা বিশেষ সেচ প্রকল্প গ্রহণের কোনো উদ্যোগ আছে কিনা?
উত্তরে কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “স্মলহোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস (এসএসিপি)” প্রকল্পের আওতায় পাংশা উপজেলায় চর এলাকায় ১টি সৌরচালিত সেচ পাম্প স্থাপন করা হয়েছে এবং আরও ২টি স্থাপন করার কার্যক্রম চলমান রয়েছে। বালিয়াকান্দি উপজেলায় চর এলাকায় ক্লাইমেট-স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ১টি সৌরচালিত সেচ পাম্প স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক প্রস্তাবিত ‘সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় যথাক্রমে ৩০০টি, ২০০টি ও ১৫০টি তথা মোট ৭৫০টি ০.৫ কিউসেক ডিজেলচালিত অগভীর নলকূপকে সৌরশক্তিচালিত সেচযন্ত্রে রূপান্তর এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চলীয় এলাকায় খাল পুনঃখননের মাধ্যমে সেচ ও পানি ব্যবস্থাপনা উন্নয়ন’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের আওতায় পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলায় যথাক্রমে ২৬, ০৮ ও ১১ কি.মি. তথা মোট ৪৫ কি.মি. খাল খনন-পুনঃখননের পরিকল্পনা রয়েছে।
