কালুখালীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব শুরু

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

আদম আলী : বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজবাড়ীর কালুখালী উপজেলার ‘রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়’ প্রাঙ্গণে ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব। মেলাটি আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল ক্রেতা ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার ইউনিট ইনচার্জ জান্নাতুল নাঈম। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং নানা শ্রেণি-পেশার বইপ্রেমী মানুষ অংশ নেন। এ উপলক্ষে ১৮ সেপ্টেম্বর শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা। ১৯ সেপ্টেম্বর বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে এ মেলার।
উল্লেখ্য, দেশব্যাপী এই আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে ‘মেটলাইফ’ এবং স্থানীয় পর্যায়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে কালুখালী উপজেলা প্রশাসন।