কালুখালীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

লেখক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

আদম আলী : রাজবাড়ীর কালুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএম রেজাউল করিমের সভাপতিত্বে কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, কালুখালী উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রফিকুল ইসলাম রতন, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, প্রার্থমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান, কালুখালী থানার এসআই মোঃ সোহেল, উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, বিএনপি নেতা কেএম আইনুল হাবিব প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক পাচার ও সেবন রোধ, কুকুর বিড়ালের উপদ্রব ঠেকাতে ভ্যাকসিনেশন পরিকল্পনা এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বক্তারা কালুখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব পক্ষের সহযোগিতা কামনা করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোনো ধরনের আপস করা হবে না। যেকোনো মূল্যে এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে বলে জানান। মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংস করছে। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হবে এই বিষয়ে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না বলে জানান কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এসএম রেজাউল করিম।
আসন্ন উৎসবগুলোতে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য পুলিশি টহল জোরদার করা হবে। আমরা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রস্তুত আছি বলে জানান কালুখালী থানার এসআই মোঃ সোহেল । শুধু প্রশাসনের একার পক্ষে অপরাধ দমন সম্ভব নয়। সমাজ থেকে অপরাধ ও অনিয়ম দূর করতে জনপ্রতিনিধি এবং স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে জানান তিনি।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও উপজেলার বিভিন্ন রুটে যানজট নিরসন, ইভটিজিং প্রতিরোধ এবং বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা কমিটির এই মাসিক সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং কালুখালী উপজেলা প্রেসক্লাবে সভাপতি ইমরান খাঁন ও সাধারণ সম্পাদক আদম আলী প্রমূখ উপস্থিত ছিলেন।