
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে জেলা পুলিশ সুপার মীর মনির হোসেনের নির্দেশনায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রবিবার বিকেলে রাজবাড়ী সদর উপজেলার মাদক স্পট লোকসেড ও শ্রীপুরসহ শহরের বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় এ ঝটিকা অভিযান চালানো হয়। এরআগে শনিবার বিকেলে গোয়ালন্দ উপজেলার পোড়াভিটা এলাকায় অভিযান পরিচালনা করে।
জেলা পুলিশের তথ্যমতে, মাদকের কেনাবেচা ও বিস্তার রোধে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ দল নিয়মিত জেলার চিহিৃত মাদক স্পটগুলোতে এ অভিযান পরিচালনা শুরু করেছে। অভিযানকালে লোকসেড রেলওয়ে এলাকা, শ্রীপুর এবং এর আশেপাশের বিভিন্ন সন্দেহভাজন পয়েন্টে তল্লাশি চালানো হয়। ডিবি পুলিশের এ আকস্মিক তৎপরতায় মাদক কারবারি ও মাদকসেবীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা ডিবি পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, পোড়াভিটা, লোকসেড ও শ্রীপুরসহ বেশ কিছু এলাকায় দীর্ঘদিন ধরেই মাদকের আনাগোনা ছিল। নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকলে রাজবাড়ীর যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করা সম্ভব হবে।
এ বিষয়ে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, রাজবাড়ী জেলা পুলিশের অভিভাবক তথা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। লোকসেড ও শ্রীপুরসহ পুরো জেলায় মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনতে ডিবির এই মাদক বিরোধী সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
