
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস এর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নজির হোসেন মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফর রহমান খান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানগণ।
বক্তারা শিক্ষকদের মর্যাদা, অধিকার ও শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা বলেন, শিক্ষকরা দেশ ও জাতির কল্যাণে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশ্ব শিক্ষক দিবসে দেশের সব শিক্ষককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। শিক্ষকদের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রেখে শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
