
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সিঙ্গাপুর প্রবাসীর মাছের প্রজেক্টে বিষ প্রয়োগ করে ৬ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। একই সাথে প্রকাশ্য দিবালোকে মাছের প্রজেক্টের চারপাশে ভাঙচুর লুটতরাজের অভিযোগে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী মোঃআসাদ।
আসাদ বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে সিঙ্গাপুরে অবস্থান করা কালীন কষ্ট অর্জিত অর্থ দিয়ে নিজ এলাকায় মাছের প্রজেক্ট করে ছেলে- মেয়ে ও পরিবার নিয়ে চলার চেষ্টা করছিলাম। অনেক বছর আগে আমার পিতা জমি ক্রয় করেন। অতি সম্প্রতি সময়ে আমাদের কাছে বিভিন্ন অজুহাতে আমাদের কাছে চাঁদা দাবি করা হতো, চাঁদা না দেয়ায় বিভিন্ন ভাবে আমাদের হয়রানির চেষ্টা করে যশাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান প্রামানিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল।
এরই জের ধরে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে বহিরাগত লোকজন দিয়ে আমার প্রজেক্টে হামলা করে। হামলা করে সীমানা প্রাচীর সহ বিভিন্ন জায়গায় ভাঙচুর চালায়। পুকুরপাড় থেকে প্রায় ৫০ কাদি কলা কেটে নিয়ে যায়। এ ঘটনায় থানা পুলিশকে জানিয়েছিলাম পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারীরা ভাঙচুর করে যাওয়ার সময় হুমকি দিয়ে যায় পুকুরের মাছ বাড়ি ঘর কিছুই থাকবে না। তারা হুমকি দিয়েই শেষ করেনি রাতে পুকুরে বিষ প্রয়োগ করে ৬ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি সাধন করেছে তারা। এ ঘটনায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেন এ প্রবাসী।
এ ঘটনায় অভিযুক্ত আব্দুল মান্নান প্রামানিক ও কালাম মন্ডল বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পন্ন মিথ্যা ও ভিত্তিহীন। অভিযোগকারীরা দীর্ঘদিন ধরে জাল দলিল করে জমি-ভোগ দখল করে আসছিল। আমরা প্রকৃত মালিকদের কাছ থেকে জমি ক্রয় করেছি, সেই জমি বুঝে নিতে গিয়েছি, তারা নিজেরাই মাছ মেরে আমাদের উপর দোষারোপ করার চেষ্টা করছেন।
এ ব্যাপারে পাংশা মডেল থানার এসআই ও যশাই ইউনিয়নের বিট অফিসার মোঃ নাসির উদ্দিন বলেন, ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
