বালিয়াকান্দিতে মাদক বিক্রি বন্ধ ও বাবা-ছেলের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

লেখক:
প্রকাশ: ২১ ঘন্টা আগে

সোহেল খান : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর-পাইককান্দি এলাকায় মাদক বিক্রির অভিযোগে আশিক খানের গ্রেপ্তার ও মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে ভীমনগর-পাইককান্দি মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, টিপুল খানের ছেলে আশিক খান দীর্ঘদিন ধরে তাঁর বাবার সহযোগিতায় এলাকায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত। তাঁদের দাবি, এলাকায় মাদকের বিস্তার যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। এর ফলে তরুণদের একটি অংশ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে তাঁরা অভিযোগ করেন।
বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধ করা না গেলে এলাকার সামাজিক পরিবেশ ও যুবসমাজের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তাই মাদক সেবন ও বিক্রি বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন, মনির মিয়া, জাহাঙ্গীর মিয়া, আলমাস শেখ, মিরাজ ও ফজলু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা আশিক খান ও তাঁর বাবা টিপুল খানের বিরুদ্ধে ওঠা মাদক-সংক্রান্ত অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে তাঁদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধন থেকে বক্তারা একটি সুন্দর, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষার দাবি জানান।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, প্রশাসনের কার্যকর উদ্যোগের মাধ্যমে এলাকায় মাদকের বিস্তার রোধ হবে এবং স্বাভাবিক ও নিরাপদ সামাজিক পরিবেশ ফিরে আসবে।