বালিয়াকান্দিতে স্বামী-স্ত্রীকে পিটিয়ে স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

লেখক:
প্রকাশ: ২২ ঘন্টা আগে

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দিতে পূর্বপরিকল্পিতভাবে পথরোধ করে এক দম্পতিকে মারধর, স্বর্ণালংকার ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ৫ জনের বিরুদ্ধে। রোববার (০১ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার বিলবকচর খালের ব্রিজের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত স্বামী মোঃ হামেদ শেখ (৩৫) ও তাঁর স্ত্রী বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় হামেদ শেখ বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার দুপুরে হামেদ শেখ তাঁর স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে বালিয়াকান্দি থেকে বাড়িতে ফিরছিলেন। পথে বিলবকচর খালের ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে অভিযুক্ত রানা প্রধান ও জাহিদ প্রধান তাঁদের মোটরসাইকেল থামিয়ে দেন। এ সময় পেছন থেকে মোটরসাইকেল ধরে টান দেন তাঁরা। পরে আরও তিনজন সেখানে উপস্থিত হয়ে হামেদ শেখ ও তাঁর স্ত্রীকে মারধর করেন। এতে তাঁরা শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার একপর্যায়ে হামেদ শেখের স্ত্রীর গলায় থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের চেইন, কানে থাকা ছয় আনা ওজনের এক জোড়া স্বর্ণের দুল এবং তাঁদের সঙ্গে থাকা নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ভুক্তভোগী হামেদ শেখ অভিযোগে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান মোস্তফা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।