কালুখালীর চাঁদ মৃগীতে জমির বিরোধে বিষ দিয়ে ১৫টি মুরগি হত্যা : থানায় অভিযোগ

লেখক:
প্রকাশ: ১২ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের চাঁদ মৃগী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বিষ প্রয়োগ করে ১৫টি মুরগি হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কালুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক ইউনুস মল্লিক (৪০)।
অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদ মৃগী মৌজায় ১৩৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ইউনুস মল্লিকের দাবি, বাবার ওয়ারিশ সূত্রে তিনি ওই জমির মালিক।
গত ৯ নভেম্বর দুপুর ২টার দিকে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে কাউকে কিছু না জানিয়ে ওই জমিতে বিষ প্রয়োগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। পরে ইউনুস মল্লিকের বাড়ির ১৫টি মুরগি ওই জমিতে গিয়ে বিষক্রিয়ায় মারা যায়। এতে তার আর্থিক ক্ষতি হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ১১টায় সরেজমিনে গেলে ইউনুস মল্লিক বলেন, ঘটনার বিষয়ে প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে বড় ধরনের মারামারি ও অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। তাই ঝামেলায় না জড়িয়ে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, ওয়ারিশকৃত জমি নিয়ে বিবাদীরা ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষতিসাধন করতে পারে, এমনকি জানমালের ক্ষতিও করতে পারে।
অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন, লাল সরদার (৫৫), নিলু সরদার (৫০), সবুজ সরদার (৪৫), রবিউল সরদার (৪০) ও হবিবুর সরদার (৭০)। সকলের বাড়ি চাঁদ মৃগী গ্রামে। ভুক্তভোগী ঘটনাটি সরেজমিনে তদন্ত করে বিবাদীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।