
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার মো. আরজু শেখ (৩৯) নামে এক মাছ ও পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আহত ব্যবসায়ী আরজু শেখ বার্থা গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে।
গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে বানিবহ ইউনিয়নের বার্থা বিলপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেছেন।
আহত আরজু শেখের ছোট ভাই মোঃ আনিস শেখ বলেন, আমার ভাই কোন অপরাধের সাথে জড়িত নয়। তিনি খেটে খাওয়া একজন সাধারণ ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ব্যবসা ও দোকানে বিক্রির করে ঘরে ফেরার সময় তার ওপর হামলা চালনো হয়েছে। সন্ত্রাসীরা আগেই টের পেয়েছিলেন তার কাছে নগদ টাকা রয়েছে। তারা টাকা ছিনিয়ে নিয়ে আমার ভাইকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। আরজুর টাকা ছিনতাই করেছেন বলে দাবি আরজুর ভাই আনিসের।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ব্যবসায়ী আরজু শেখকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের সংবাদ জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা থানায় লিখিত অভিযোগ পেয়েছি। হামলা ও ছিনতাইয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
