
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে ২০ (বিশ) বোতল নেশাজাতীয় ফেয়ারডিল (FAIRDYL) সিরাপসহ লিপি বেগম (৪০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার সময় রাজবাড়ী সদর থানার রায়নগর (কাজিবাঁধা মোড়) এলাকার শিকদার ফ্লাওয়ার মিলের সামনের পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত লিপি বেগম রাজবাড়ী সদর থানার চরলক্ষীপুর গ্রামের মামুন হোসেনের স্ত্রী।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি আভিযানিক দল গত বুধবার বিকেলে রাজবাড়ী সদর থানার রায়নগর এলাকায় অভিযান চালায়। এ সময় শিকদার ফ্লাওয়ার মিলের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে লিপি বেগমকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে অবৈধ ২০ বোতল নেশাজাতীয় FAIRDYL Syrup উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নি:) শিমুল শেখ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (এজাহার) দায়ের করেছেন।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে ডিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
