দুই দিনের সফরে ফরিদপুর ও রাজবাড়ী যাচ্ছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ দিন আগে

স্টাফ রিপোর্টার : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি আজ ১৮ ও ১৯ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) দুই দিনের সরকারি সফরে ফরিদপুর ও রাজবাড়ী জেলা পরিদর্শন করবেন।
মন্ত্রণালয়ের এক সরকারি পত্রে প্রতিমন্ত্রীর এ সফরসূচি নিশ্চিত করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর ১২ টায় প্রতিমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার উদ্দেশ্যে রওনা হন। বিকেলে তিনি ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী ‘নৌকা বাইচ’ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় তিনি রাজবাড়ী জেলার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং রাজবাড়ী নিজবাসভবনে রাত্রিযাপন করবেন। সফরের দ্বিতীয় দিন ১৯ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০ টায় তিনি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীসমাজের সাথে সাক্ষাৎ করবেন। এরপর দুপুর দেড় টায় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন। বিকেল ৩টায় শহীদওহাবপুর ইউনিয়নের রুপরুপ আখ সেন্টার মাঠে ফুটবল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান করবেন। সন্ধ্যা ৬টায় রাজবাড়ী থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার বাসায় রওনা হয়ে রাত সাড়ে ৮টায় ঢাকার বাসভবনে উপস্থিত হবেন। প্রতিমন্ত্রীর সফরকালে তাঁর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সফরটি সফল করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।