
বাসস : প্রযুক্তিনির্ভর অপরাধের যথাযথ তদন্ত নিশ্চিত করতে দেশের আটটি বিভাগীয় সদরে খুব দ্রুত ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে সাইবার অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল আলামত সঠিকভাব বিশ্লেষণ এবং অপরাধ দমনে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যন্ত পুলিশের তদন্ত সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তোলার কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর পুলিশ লাইনসের দামপাড়ায় নবনির্মিত সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা জানান। কোরিয়া প্রজাতন্ত্রের সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত এই আধুনিক ভবন ও ল্যাব পুলিশের প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্তের সক্ষমতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ জানান, কোরিয়া প্রজাতন্ত্রের সরকার এবং দেশটির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ‘কোইকা’র সহযোগিতায় পুরো প্রকল্পের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সহযোগিতার জন্য তিনি কোরিয়ার সরকার, দেশটির রাষ্ট্রদূত, কোইকার প্রতিনিধি এবং সফররত সকল প্রতিনিধিদলকে আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, বর্তমান সরকার শুরু থেকেই একটি বিশেষায়িত পুলিশ সাইবার ইউনিট প্রতিষ্ঠার কথা চিন্তা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর থেকে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে এই ইউনিটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। নতুন এই ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারটি মূলত অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রত্যক্ষ নেতৃত্বে পরিচালিত হবে। তবে ডিজিটাল আলামত বিশ্লেষণ ও সঠিক পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে পারস্পরিক কার্যকর সমন্বয় বজায় রাখা হবে।
আধুনিক ও পরিবর্তনশীল অপরাধ দমনে প্রযুক্তির কোনো বিকল্প নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে অপরাধের ধরন প্রতিনিয়ত বদলাচ্ছে। ডিজিটাল দুনিয়ায় সাইবার স্পেসের অপব্যবহার করে নানা ধরনের অপরাধ ও প্রতারণা করা হচ্ছে, এমনকি শেয়ারবাজারে কারসাজির মতো ঘটনাও এর মাধ্যমে সংঘটিত হচ্ছে। এসব ডিজিটাল অপরাধ কঠোর হাতে প্রতিরোধ ও দমন করার জন্য এ ধরনের আধুনিক ফরেনসিক ল্যাবের কোনো বিকল্প নেই।
বিচারপ্রক্রিয়াকে আরও দ্রুততর ও গতিশীল করার ওপর গুরুত্ব আরোপ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিচারব্যবস্থায় সাধারণ মানুষের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে হলে এ ধরনের বৈজ্ঞানিক বিশ্লেষণ ও সুনির্দিষ্ট সাক্ষ্যপ্রমাণের অত্যন্ত প্রয়োজন রয়েছে। অপরাধের নতুন রূপের সঙ্গে তাল মিলিয়ে পুলিশ বাহিনীকে আধুনিক পরীক্ষাগারের সুবিধা, উন্নত প্রযুক্তিগত সরঞ্জাম এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণে সমৃদ্ধ করে তোলা হচ্ছে।
সিআইডির বিদ্যমান পরীক্ষাগারের পরিধি বাড়ানোর বিষয়ে তিনি বলেন, সিআইডি সূলগ্ন থেকেই রাসায়নিক পরীক্ষাগার সফলভাবে পরিচালনা করে আসছে। বর্তমান বাস্তবতায় সেখানে বিভিন্ন নমুনা পরীক্ষা এবং পুঙ্খানুপুঙ্খ প্রতিবেদন তৈরির কার্যক্রম আরও বেশি সম্প্রসারণ করা অত্যন্ত জরুরি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা, রাজনৈতিক কর্মসূচি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব বিষয়ে সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কোনো চ্যালেঞ্জ বা শঙ্কা নেই।
এ সময় পুলিশের ওপর হামলা এবং আসামিদের গ্রেপ্তারে বাধা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অপরাধ দমনে পুলিশ অনেক সময় হামলার শিকার হয়, এটি নতুন কিছু নয়। তবে যেকোনো মূল্যে অপরাধীদের কঠোরহস্তে দমনে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পুলিশ দায়িত্ব পালনকালে আসামিকে গ্রেফতারে কেউ যদি অযাচিত বাধা বা সহায়তা প্রদান করে, তাদের বিরুদ্ধেও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
