
মোঃ শাখাওয়াত হোসেন সোহান : রাজবাড়ীতে গ্রাহকদের ঋণ ও সঞ্চয়ের ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাবেক শাখা ব্যবস্থাপক মোঃ আব্দুল খালেকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বড় গাংদিয়া বাজার এলাকার আড়ীয়া গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে ও ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১৮ নভেম্বর) রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী শুনানি শেষে আসামি মোঃ আব্দুল খালেকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, আব্দুল খালেক ২০২১ সালের ১ ফেব্রুয়ারি ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের সূর্যনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। ২০২৫ সালের ২৮ এপ্রিল থেকে ৪ নভেম্বর পর্যন্ত সময়ে তিনি দায়িত্ব পালনকালে গ্রাহকদের বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার আশ্রয় নেন। তিনি গ্রাহকদের নামে ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে এবং বিভিন্ন সদস্যের কাছ থেকে আদায়কৃত ঋণের কিস্তি ও সঞ্চয়ের টাকা প্রতিষ্ঠানের কোষাগারে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেন। এরপর ২০২৫ সালের ১০ নভেম্বর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত থেকে আত্মগোপনে চলে যান।
এ ঘটনায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের রাজবাড়ী এলাকা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান বাদী হয়ে ২০২৫ সালের ১ ডিসেম্বর রাজবাড়ী সদর আমলী আদালতে ২৯ লাখ ৫০ হাজার ৬৭০ টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রাজবাড়ী জেলার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কোরবান আলী সরকার দীর্ঘ তদন্ত শেষে গত ৮ জুন আদালতে প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাদী এজাহারে ২৯ লাখ ৫০ হাজার ৬৭০ টাকা আত্মসাতের কথা উল্লেখ করলেও সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনায় আসামি আব্দুল খালেকের বিরুদ্ধে ২৯ জন গ্রাহকের ২৬ লাখ ৯৯ হাজার ১৮১ টাকা আত্মসাতের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
বাদীপক্ষের আইনজীবি এ্যাড. গোলাম মোস্তফা বলেন, আসামী আপোষের শর্তে জামিন নিয়েছিলেন। কিন্তু কোন প্রকার অর্থ পরিশোধ না করে বুধবার জামিনের আবেদন করলে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
