
সোহেল খান : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভীমনগর এলাকায় মারধর, টাকা ছিনিয়ে নেওয়া ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী টিপুল খানের স্ত্রী নাজমা বেগম। অন্যদিকে, টিপুলের পরিবারের বিরুদ্ধে মাদক-সংক্রান্ত অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে বলে দাবি করেছে পরিবারটি।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ২২ অক্টোবর মাদককে কেন্দ্র করে মারামারির ঘটনার পর তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন করা হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে গণমাধ্যমকর্মীদের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন নাজমা বেগম ও তাঁর পরিবার।
নাজমা বেগম ও তাঁর স্বামী টিপুলের অভিযোগ, তাঁরা ঢোলজানি বাজার থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের নায়েব আলী শেখের ছেলে মনিরসহ কয়েকজন তাঁদের ওপর হামলা চালান। এ সময় লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে টিপুলকে এলোপাতাড়ি মারধর করা হয়। তাঁর পকেটে থাকা ৬০ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তাঁরা। এ ছাড়া ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন টিপুল।
ভুক্তভোগী পরিবারের আরও অভিযোগ, পরবর্তী সময়ে ৫০ থেকে ৬০ জন লোক নিয়ে তাঁদের বাড়িতে গিয়ে টিপুলের স্ত্রী নাজমা বেগমকে মারধর করা হয় এবং বাড়ির বেড়া ভাঙচুর করা হয়।
এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে পরিবারটি। তাঁদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
নাজমা বেগম বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মনির (৩০), জাহাঙ্গীর (৪০), বছির মিয়া (৩৫), আশরাফুল মোল্লা (২৫), মাহাবুব মিয়া (৩০) ও নাছির মিয়াসহ (৪৫) কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের দাবি, অভিযোগটি নিরপেক্ষভাবে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
