
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী ১১ মামলার আসামী রোজী বেগম (৫৫) কে ১২২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা হেরোইনের বাজারমূল্য ২ লাখ ৯২ হাজার টাকা। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের আরও ১১টি মামলা রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টার দিকে গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার শহিদ মিনারের সামনে রেললাইনের ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মফিজুল ইসলাম বলেন, শুক্রবার ভোর পৌনে ৫টার সময় গোয়ালন্দঘাট থানার সাইনবোর্ড এলাকায় অবস্থানকালে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার শহিদ মিনারের সামনে রেললাইনের ফাঁকা জায়গায় এক নারী মাদক কারবারি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে নারী পুলিশের সহায়তায় রোজী বেগমকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ১২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক কারবারে ব্যবহৃত একটি রেডমি নোট ১৫ মডেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রোজী বেগম দীর্ঘদিন ধরে অবৈধভাবে হেরোইন কেনাবেচার সঙ্গে জড়িত। উদ্ধার করা হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় রোজী বেগমের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একই আইনে আগের ১১টি মামলা রয়েছে।
