

সোহেল রানা : রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশিদ বলেছেন, গোপালগঞ্জসহ সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আগুন সন্ত্রাস শুরু করেছে। আমরা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ সকল সংগঠন সন্ত্রাসী দলকে প্রতিহত করতে ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে মাঠে আছি ও থাকবো।
মঙ্গলবার সকালে সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলায় মোটরসাইকেল মিছিল শেষে তিনি এসব কথা বলেন।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে রাজবাড়ী- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল শুরু হয়। মিছিলটি কালুখালী উপজেলার দুর্গাপুর স্ট্যান্ড পর্যন্ত যায়। সেখান থেকে কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
মোটর সাইকেল শোভাযাত্রায় পাংশা ও কালুখালী উপজেলার সকল ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এ মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। সকাল থেকেই নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে হাইওয়ে সড়কে অবস্থান করেন।
পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের নেতাকর্মীরা শিয়ালডাঙ্গী এলাকায়, মাছপাড়া ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা তত্তিপুর বাস স্ট্যান্ড, সরিষা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা হেনামোড় বাস স্ট্যান্ড, বাবুপাড়া ইউনিয়নের নেতাকর্মীরা ফুলতলা, পাট্টা ও কসবামাজাইল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মৈশালা বাস স্ট্যান্ড, মৌরাট ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা আজিজ সরদার বাসস্ট্যান্ড, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজিজ সরদার বাস স্ট্যান্ড ও কলেজ মোড়, যশাই হাবাসপুর বাহাদুরপুর ইউনিয়নের নেতাকর্মীরা কলেজ মোড় এলাকায় জমায়েত হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ বলেন, আমাদের মানবিক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ডে ওয়ান থেকে কাজ শুরু করেছেন। সেদিন থেকেই পতিত আওয়ামীল ফ্যাসিবাদ ও তাদের দোষররা ষড়যন্ত্র শুরু করেছে। সম্প্রতি গোপালগঞ্জে তারা যে তান্ডব লীলা চালিয়েছে আমরা চাইলে সারা বাংলাদেশে তাণ্ডব লীলা করতে পারি। আমাদের প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি পালন করতে, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী ও সাধারণ ভোটারদের বলতে চাই আসুন সহাবস্থানে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাই। আপনারা যদি কোন প্রকার অরাজকতা করার চেষ্টা করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাত গুটে বসে থাকবে না। আগামী দিন গুলোতে সকল পর্যায়ের নেতাকর্মীদের মাঠে থেকে সক্রিয় অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদ বলেন, সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, জ্বালাও পোড়াও কারীদের মাঠে রাজনৈতিক ভাবে প্রতিহত করা হবে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ার কাজ করছি। পাশের একটি দেশের মদদে এ দেশকে পিছনে নিয়ে যেতে চায়। এদেশের শান্তিকামী মানুষ কোন সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করবে না। জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িতদের কোন ছাড় দেওয়া হবে না। তবে যারা নিরিহ জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িত নয় তারা শান্তিতে বসবাস করবেন। কারো উস্কানীতে কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তিনি নেতাকর্মীদের সতর্কতার সাথে থাকার আহবান জানান এবং কোন প্রকার অপরাধমুলক কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন।
এ সময় পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলীখান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এ্যাড. রাকিবুল হাসান রুমাসহ কালুখালী,পাংশা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
